হ্যাকিংয়ের কবলে পড়লো মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও পরিচালনার মেঘভিত্তিক প্রযুক্তি ব্যবস্থা ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এতে সামরিক কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য এবং রসদ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিপুল পরিমাণ স্পর্শকাতর তথ্য ঝুঁকির মুখে পড়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট দুজনের ভাষ্য অনুযায়ী, গত এক মাসের মধ্যে ব্যবস্থাটির আধুনিকায়নের কাজ চলার সময় এই অনুপ্রবেশের ঘটনা ধরা পড়ে। এরপর থেকেই পুরো ব্যবস্থায় বিভিন্ন ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে হ্যাকারদের পরিচয়, হামলার প্রকৃত পরিধি কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

এ বিষয়ে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, ‘নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও ব্যবস্থার নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা পরিচালনাগত অবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না। তবে বিমানবাহিনীর তথ্য, প্রযুক্তিব্যবস্থা এবং দায়িত্ব পালনের সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি।’

এক ব্যবস্থায় সব প্রযুক্তিসেবা

২০১৭ সালে চালু হওয়া ‘ক্লাউড ওয়ান’-এর উদ্দেশ্য ছিল মার্কিন বিমানবাহিনীর সব ধরনের তথ্যপ্রযুক্তির প্রয়োজন একটি ব্যবস্থার মাধ্যমে পূরণ করা। এ জন্য মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রতিষ্ঠানের প্রযুক্তিসেবা একত্র করা হয়। এর মাধ্যমে কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে রসদ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণসংক্রান্ত অসংখ্য কার্যক্রম পরিচালিত হয়।

এই ব্যবস্থার আওতায় রয়েছে বিমানবাহিনীর ‘ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা। এর মাধ্যমে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ অন্যান্য তথ্য একত্র করা হয়।

এ ছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। বিশ্বের দুই শতাধিক মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব এবং অবস্থান পর্যবেক্ষণে এটি ব্যবহার করা হয়।

২০২৬ সাল পর্যন্ত ‘ক্লাউড ওয়ান’-এর প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল এসএইসি। এরপর দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে এসএইসির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি। লেইডোস প্রশ্নগুলো মার্কিন বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।

সংশ্লিষ্ট দুই ব্যক্তির মতে, মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় মেঘভিত্তিক প্রযুক্তিব্যবস্থাগুলোর একটি হলো ‘ক্লাউড ওয়ান’।

এ বিষয়ে একজন বলেন, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা অত্যন্ত গুরুতর বিষয়।’

ক্ষয়ক্ষতি নিরূপণে মার্কিন সামরিক বাহিনীর সাইবার নিরাপত্তা শাখা সাইবার কমান্ডের সহায়তা নিয়েছেন তদন্তকারীরা। বিষয়টি সম্পর্কে অবগত একজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাইবার কমান্ড সাড়া দেয়নি।

নানা ক্ষেত্রে বিঘ্ন

হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। সংশ্লিষ্ট তিন ব্যক্তির ভাষ্য অনুযায়ী, সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকার হিসেবে বিবেচিত দাপ্তরিক ও প্রশাসনিক কাজের বিভিন্ন প্রযুক্তি ব্যবস্থা ‘ক্লাউড ওয়ান’-এ স্থানান্তরের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া এই ব্যবস্থায় আগে থেকেই চালু থাকা বিভিন্ন প্রযুক্তি ব্যবস্থার হালনাগাদও আটকে দেওয়া হয়েছে। ফলে বিমানবাহিনীর কর্মীরা প্রয়োজনীয় ত্রুটি সংশোধন করতে পারছেন না। ঠিক এমন সময় প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতার তথ্য প্রকাশিত হয়েছে।

সংশ্লিষ্ট পঞ্চম এক ব্যক্তি জানিয়েছেন, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক ক্ষমতাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এই পাঁচ ব্যক্তি নিজেদের পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন।

তাদের একজন জানান, সাইবার হামলাকারীরা একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে ব্যবস্থাটির নিয়ন্ত্রণকেন্দ্রে প্রবেশ করে। তিনি নিয়ন্ত্রণকেন্দ্রকে একটি সর্বজনীন দূরনিয়ন্ত্রণ যন্ত্রের সঙ্গে তুলনা করেন। তার মতে, তাত্ত্বিকভাবে সেখানে প্রবেশের সুযোগ পেলে হামলাকারীরা সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল সম্পর্কে তথ্য জানতে পারত।

তবে এই ঘটনায় হ্যাকাররা এমন কোনো তথ্য সংগ্রহ করেছে কি না, তা স্পষ্ট নয়। হামলাকারীরা ঠিক কোন সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়েছে, তা-ও শনাক্ত করতে পারেনি রয়টার্স।

একের পর এক সাইবার হামলা

কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পরিচালিত সাইবার হামলা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই ‘ক্লাউড ওয়ান’-এ অনুপ্রবেশের খবর সামনে এল। মেঘভিত্তিক প্রযুক্তিব্যবস্থার ক্ষেত্রে এ ধরনের হামলা বিশেষ উদ্বেগের কারণ। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন মডেল দ্রুত বড় পরিসরে প্রযুক্তিগত দুর্বলতা শনাক্ত করতে সক্ষম।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র সরকার অন্তত ছয়টি সাম্প্রতিক সাইবার হামলার ঘটনার প্রভাব মোকাবিলা করছে। এসব ঘটনার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার দুটি সাইবার হামলা, পেন্টাগনের তথ্যভান্ডারে আগের একটি অনুপ্রবেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি নিরাপত্তা লঙ্ঘন এবং অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা।

তবে ‘ক্লাউড ওয়ান’ দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

২০২৩ সালে অনলাইন সংবাদমাধ্যম ‘ফেডস্কুপ’-এ প্রকাশিত এক নিবন্ধে ‘ক্লাউড ওয়ান’-এর কর্মকর্তারা দাবি করেছিলেন, ব্যবস্থাটিতে অনুপ্রবেশের অসংখ্য চেষ্টা প্রতিহত করতে তারা ‘শতভাগ সফলতা’ অর্জন করেছেন।

নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে ওই নিবন্ধে তারা লিখেছিলেন, ‘নিরাপত্তার প্রশ্নে ভুল করার কোনো সুযোগ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *