যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্পের পর অন্তত ৪০টি আফটারশক অনুভূত হয়েছে। শনিবার সকালে আঘাত হানা ভূমিকম্পে শহরজুড়ে ভবন কেঁপে ওঠে, লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে কাচ ভাঙে এবং আতঙ্কে লোকজন বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ম্যানহাটন বিচ শহরের দক্ষিণ-পশ্চিমে উপকূল থেকে প্রায় ৩ দশমিক ৭ মাইল দূরে এবং ৭ দশমিক ৬ মাইল গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পরপরই বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। এর মধ্যে সকাল ১১টা ৪১ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি আফটারশক আঘাত হানে। পরে রাত ৮টার পর হারমোসা বিচের কাছে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ছাদ থেকে টাইলস ও ধুলা পড়ে এবং কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। আতঙ্কিত যাত্রীরা সাময়িকভাবে টেবিলের নিচে আশ্রয় নেন এবং পরে বাইরে বেরিয়ে যান। বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি।

ভূমিকম্পের কারণে ম্যানহাটন বিচ পিয়ার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া টরেন্স ও এল সেগুন্দোর দুটি তেল শোধনাগারে স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা সক্রিয় হওয়ায় আগুনের শিখা নির্গত হয়। তবে শোধনাগারগুলোর বাইরে কোনো প্রভাব পড়েনি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেন, ভূমিকম্পটি তুলনামূলক শক্তিশালী ও শহরের কাছাকাছি হলেও বাসিন্দাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। অগ্নিনির্বাপণ বিভাগের প্রাথমিক মূল্যায়নেও বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, আগামী কয়েক দিন আরও পরাঘাত হতে পারে। সংস্থাটির হিসাবে, ৪ মাত্রা বা তার বেশি শক্তির আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে লা হাবরা এলাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস অঞ্চলে এটিই সবচেয়ে বড় ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ভূমিকম্পটি তুলনামূলক গভীরে হওয়ায় ভূপৃষ্ঠে এর কম্পনের তীব্রতা কিছুটা কম ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *