সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান আটক, জিম্মি জেলে উদ্ধার

সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দেশীয় অস্ত্র, গোলাবারুদ, কাঠের নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডাকাতদের জিম্মিদশা থেকে এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।

আটক বনদস্যু আসাবুর সানা খুলনার দাকোপ থানার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে শান্তি ফেরাতে ও দস্যুতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে বর্তমানে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত আসাবুর বাহিনী মুক্তিপণের দাবিতে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় এক জেলেকে জিম্মি করে রেখেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ নভেম্বর দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।

তবে ঘটনাস্থল থেকে একটি কাঠের নৌকা এবং জিম্মি থাকা ওই জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জেলেকে তার পরিবারে হস্তান্তর করা হয়।

 

অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ১টার দিকে খুলনার দাকোপ উপজেলার মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করে কোস্ট গার্ড।

পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান এবং তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে আরও জানায়, আসাবুর সানাকে এর আগেও ২০২৪ সালের ১২ নভেম্বর কোস্ট গার্ড আটক করে সংশ্লিষ্ট মোংলা থানায় সোপর্দ করেছিল। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও সুন্দরবনে সক্রিয় হয়ে ডাকাতি শুরু করেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ দিকে, গত ২৮ নভেম্বর দুপুর ২টার দিকে কোস্ট গার্ড সাতক্ষীরার শ্যামনগর থানাধীন আড়পাঙ্গাশিয়া নদীসংলগ্ন এলাকায় একটি কাঠের নৌকায় তল্লাশি চালায়। এ সময় নৌকাটি থেকে ডাকাতদের ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, ‘সরকারের সুস্পষ্ট নির্দেশনা, আপনাদের সবার সহযোগিতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদি।’

এ বিষয়ে বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট এম এইচ রিফাত জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং জেলে ও বাওয়ালীদের জানমালের নিরাপত্তায় কোস্ট গার্ডের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। কোনো বনদস্যু বা অপরাধী চক্রকে সুন্দরবনে আশ্রয় বা পুনরায় সংঘবদ্ধ হতে দেয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের কঠোর অবস্থান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *