
ইসরাইলের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এর বিনিময়ে পরবর্তী সরকারে একটি ‘উচ্চপদ’ এবং ভবিষ্যতে পুনরায় নেতা হিসেবে ফিরে আসার প্রতিশ্রুতি চেয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ইসরাইলের প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকোটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, নতুন সরকারের শুরুতে আইজেনকোট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নেতানিয়াহু থাকবেন বিকল্প প্রধানমন্ত্রী। ইসরাইলের দীর্ঘদিনের এই নেতার পক্ষ থেকে এমন প্রস্তাবকে নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা বিবেচনায় নেওয়ার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
তবে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটাতে আইজেনকোট ইতোমধ্যে বিকল্প জোট গঠনের কাছাকাছি পৌঁছে গেছেন। আগামী সপ্তাহের শুরুর দিকেই নতুন সরকার গঠনের পথ তৈরি হতে পারে।
গেল শনিবার নেতানিয়াহু বলেন, ‘স্বাভাবিকভাবেই ঐক্য সরকারের নেতৃত্ব আমারই দেওয়া উচিত, অন্তত ক্ষমতা হস্তান্তরের পালাক্রমে প্রথমে আমার প্রধানমন্ত্রী হওয়ার কথা। কিন্তু অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি এবং তা মোকাবিলায় অক্ষম একটি সরকার গঠনের আশঙ্কার কারণে একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছু পাশে সরিয়ে রাখা।’
তিনি আরও বলেন, ‘আমি সম্মত হতে প্রস্তুত যে গাদি আইজেনকোট মেয়াদের শুরুতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব।’
নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে আইজেনকোট জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে একই সঙ্গে বলেন, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে বিকল্প সরকার গঠনের একটি উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আইজেনকোট জানান, গত সপ্তাহে তিনি নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কাছে একটি ‘গোপন যোগাযোগমাধ্যমে’ বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু কোনো জবাব পাননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনার উদ্যোগ বারবার প্রত্যাখ্যান এবং এড়িয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নেতানিয়াহুর প্রস্তাব আসার আগেই আইজেনকোটের মিত্ররা তাকে নতুন প্রধানমন্ত্রী করার প্রস্তুতি নিচ্ছিলেন।
এক মাস আগে অনুষ্ঠিত ইসরাইলের সাধারণ নির্বাচনে কোনো পক্ষ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর থেকেই নেতানিয়াহুবিরোধী বিভিন্ন দলের সমন্বয়ে ‘চেঞ্জ ব্লক’ নামে পরিচিত জোট গঠনের আলোচনা চলছিল। সাম্প্রতিক দিনগুলোতে জোটের বিভিন্ন দলের মধ্যে একাধিক আনুষ্ঠানিক সমঝোতাও হয়েছে।
নতুন সরকার গঠনের বিষয়টি ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভোটের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কর্মকর্তারা নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে প্রস্তুত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখে রয়েছেন। নেতানিয়াহু তার সবশেষ প্রস্তাবকে আরব দলগুলোর সরকারে প্রভাব বিস্তার ঠেকানোর উদ্যোগ হিসেবে তুলে ধরেছেন। নির্বাচনের পর রেকর্ডসংখ্যক আরব সংসদ সদস্য নেসেটে শপথ নেওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আইজেনকোটের পক্ষে নেতানিয়াহুর দলকে বাদ দিয়ে সরকার গঠন করতে হলে আরব দলগুলোর সমর্থন প্রয়োজন হতে পারে।
নেতানিয়াহু বলেন, ‘আজ নেসেটে আমরা যা দেখছি, তা কেবল শুরু। সরকারেও একই ঘটনা ঘটবে। একটি গুলিও ছোড়া ছাড়াই শত্রুভাবাপন্ন শক্তি দেশের ভেতর থেকে নিয়ন্ত্রণ নিয়ে নেবে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘এই বিপর্যয়কর সরকার গঠনের পথ তৈরি করতে কিছু দলের সদস্যরা হিব্রু ভাষায় নরম সুরে কথা বলেন। কিন্তু আরবি ভাষায় তারা সন্ত্রাসী সংগঠনগুলোর প্রতি পূর্ণ সমর্থন এবং ইসরাইলের ধ্বংসের পক্ষে অবস্থান প্রকাশ করেন।’
তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেছেন কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
নেতানিয়াহু বলেন, নতুন সরকার গঠন নিয়ে তিনি ‘প্রকৃত, আন্তরিক ও দ্রুতগতির আলোচনা’ শুরু করতে প্রস্তুত।
এদিকে নেতানিয়াহুর প্রস্তাব বিবেচনা না করতে আইজেনকোটকে সতর্ক করেছেন তার বিরোধী জোটের কয়েকজন নেতা। বিরোধী দল বি’য়াচাদের সহ-নেতা ইয়াইর লাপিদ নেতানিয়াহুর প্রস্তাবকে ‘প্রকাশ্য প্রতারণা’ বলে অভিহিত করেছেন। তিনি নেতানিয়াহুকে এমন একজন রাজনীতিক হিসেবে বর্ণনা করেন, যিনি বারবার রাজনৈতিক অংশীদারদের সঙ্গে প্রতারণা করেছেন এবং চুক্তি ভঙ্গ করেছেন।
বিরোধী নেতাদের আশঙ্কা, নেতানিয়াহু প্রকৃতপক্ষে ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে আগ্রহী নন। বরং আইজেনকোটকে আলোচনায় ব্যস্ত রেখে তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করাই এই প্রস্তাবের উদ্দেশ্য হতে পারে।
ধর্মনিরপেক্ষ ডানপন্থি দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান নেতানিয়াহুর কট্টর বিরোধী হিসেবে পরিচিত। তিনি ইতোমধ্যে বিকল্প সরকার গঠনের চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন সরকারে প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টিও তার প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
এদিকে মধ্য-বামপন্থি ডেমোক্র্যাট দলের নেতা এবং সাবেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ইয়াইর গোলান জাতীয় নিরাপত্তামন্ত্রীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।
ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া একমাত্র ইহুদি দল হিসেবে ডেমোক্র্যাট দলের এই সম্ভাব্য অংশগ্রহণ পশ্চিম তীরে উল্লেখযোগ্য পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারে। সেখানে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে উদ্বেগ রয়েছে।
ইসরাইলি কর্মকর্তারা মনে করছেন, গাজার পরিস্থিতির পাশাপাশি পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতাও আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ভাবমূর্তি এবং দেশটির দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে।
ডানপন্থি নেতা নাফতালি বেনেট, যিনি ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন এবং বর্তমানে বি’য়াচাদের যৌথ নেতা; নতুন সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। তবে নেতানিয়াহুর সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বর্তমানে চারটি ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলের সম্মিলিত আসনসংখ্যা ৪৮। অথচ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে প্রয়োজন ৬১টি আসন।
এই ঘাটতি পূরণে তাদের সমর্থন প্রয়োজন হতে পারে দুটি দলের। তার মধ্যে একটি আরব-ইসরাইলি দল রা’আম, যাদের আসনসংখ্যা ৮। আরেকটি ইউনাইটেড তোরাহ জুডাইজম। অতি-গোঁড়া ইহুদি ধর্মীয় দলটির আসনসংখ্যা ৭। দলটি আগে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটকে সমর্থন করেছিল।
দুটি দল আনুষ্ঠানিকভাবে নতুন জোটে যোগ না দিলেও বাইরে থেকে সংখ্যালঘু সরকারকে সমর্থন দিতে পারে। সে ক্ষেত্রে তাদের সঙ্গে আলাদা সমঝোতার ভিত্তিতে সরকার গঠনের পথ তৈরি হতে পারে।
অন্যদিকে গুঞ্জন ছড়িয়েছে যে, রা’আম নেতা মানসুর আব্বাস শনিবার হামাসকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে পারেন। আইজেনকোটের অন্যতম প্রধান দাবি এটি। এমন ঘোষণা দেওয়া হলে নতুন সরকার গঠনের পথে থাকা একটি বড় রাজনৈতিক বাধা দূর হতে পারে।
তবে আব্বাস শেষ পর্যন্ত এমন ঘোষণা দেবেন কি না, কিংবা এর বিনিময়ে কী ধরনের রাজনৈতিক সমঝোতা হবে, তা নিশ্চিত নয়।
সব মিলিয়ে, নেতানিয়াহুর ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব এবং আইজেনকোটের বিকল্প জোট গঠনের উদ্যোগকে কেন্দ্র করে ইসরাইলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করাই এখন বিরোধী শিবিরের প্রধান চ্যালেঞ্জ।
সূত্র: দ্য টেলিগ্রাফ
