
বিনোদন ডেস্কঃ সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এর কিছুদিন পরই আবার উড়াল দেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন শাকিব। আগামী সোমবার ঢাকায় পৌঁছানোর কথা তার। ঢাকায় ফিরেই ‘নিঃস্ব’ সিনেমার টিমের সঙ্গে আলোচনায় বসবেন অভিনেতা।
জানা গেছে, আগামী সপ্তাহে রাজধানী ঢাকাতেই ‘নিঃস্ব’র শুটিং শুরু হবে। এখানে দুই দিনের কাজ শেষে পুরো ইউনিট নিয়ে কলকাতায় যাবেন নির্মাতা। সেখানেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব। কলকাতায় টানা এক মাসেরও বেশি সময় ধরে সিনেমাটির শুটিং চলার কথা রয়েছে।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। এটি সত্য হলে এ নিয়ে তৃতীয়বার জুটি বেঁধে অভিনয় করবেন শাকিব-ইধিকা। এর আগে ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ সিনেমায় দেখা গিয়েছিল তাদেরকে।
একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ছবিটিতে খলনায়কের ভূমিকায় বলিউডের একজন জনপ্রিয় অভিনেতাকে দেখা যেতে পারে। সেভাবেই কথাবার্তাও নাকি এগিয়েছে।
