নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় ইউসুফ (২৩) নামে এক এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের এ ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাতে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত ইউসুফ চাদপুরের খিলবাজার থানার বেরকি এলাকার বাসিন্দা মো. মফিজুল ইসলামের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে ফতুল্লার শিয়াচর নাজমুল গার্মেন্টস সংলগ্ন শাহিন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে শিয়াচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। তাদের হাতে রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। এ সময় দেলুর বাড়ির পেছনে শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ নিজের মোবাইল ফোনে হামলার দৃশ্য ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা ইউসুফের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দেলোয়ার ‌‘দেলু ডাকাত’ হিসেবে পরিচিত বলেও জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালত এলাকায় সংঘর্ষের জের ধরে দেলুর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ সময় হামলার ভিডিও ধারণ করায় ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে তাকে সেখান থেকে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *