অবসরের পাঁচ বছর পর টেনিসের হল অব ফেমে বার্টি

খেলাধুলা ডেস্কঃ মাত্র ২৫ বছর বয়সে টেনিস থেকে অবসর নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। অবসরের প্রায় পাঁচ বছর পর এবার টেনিসের সর্বোচ্চ সম্মানগুলোর একটি ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেমে জায়গা পেতে যাচ্ছেন তিনি। ২০২৭ সালে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে সাবেক এই বিশ্বসেরা টেনিস তারকাকে।

ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেমের সহসভাপতি কিম ক্লাইস্টার্স ও প্যাট্রিক ম্যাকেনরোর সঙ্গে ফোনালাপে এই সুখবর পান বার্টি। পরে রজার ফেদেরার ও মার্টিনা নাভ্রাতিলোভাসহ হল অব ফেমের প্রায় ২০ জন সদস্য ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানান।

টেনিস ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্লাম একক শিরোপা জিতেছেন বার্টি। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন, ২০২১ সালে উইম্বলডন ও ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন তিনি। তার হাত ধরেই ৪৪ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের শিরোপা জেতে স্বাগতিক দেশ। এ ছাড়া ২০১৮ সালে ইউএস ওপেনের দ্বৈত শিরোপাও জিতেছিলেন এই অস্ট্রেলিয়ান। টানা ১১৪ সপ্তাহ ছিলেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

পেশাদার ক্রিকেটেও খেলেছেন বার্টি। ২০১৫-১৬ মৌসুমে নারী বিগ ব্যাশ লিগে সাত ম্যাচ খেলে ৬৮ রান করেছিলেন তিনি। ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাত্র দুই মাস পরই টেনিস থেকে অবসরের ঘোষণা দেন। এরপর গলফার গ্যারি কিসিককে বিয়ে করেন তিনি।

হল অব ফেমে জায়গা পাওয়ার প্রতিক্রিয়ায় বার্টি বলেন, ‘আমি ভীষণ কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। অস্ট্রেলিয়ার অনেক পথপ্রদর্শককে দেখে অনুপ্রাণিত হয়েছি, যারা খেলাটিকে এগিয়ে নিয়েছেন এবং গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তাদের পাশে নিজের নাম দেখতে পাওয়া অবাস্তব এক অনুভূতি।’

তবে এই স্বীকৃতি নিয়ে কিছুটা অস্বস্তিও রয়েছে তার। বার্টি বলেন, ‘হল অব ফেম আমাদের খেলার একেবারে কিংবদন্তিদের জন্য। আমার মনে হয় না, আমি এখনো সেই পর্যায়ে পৌঁছেছি।’

বার্টির সঙ্গে হল অব ফেমে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন হুইলচেয়ার টেনিসের কিংবদন্তি শিনগো কুনিয়েদা। চারবারের প্যারালিম্পিক সোনাজয়ী এই জাপানি খেলোয়াড় হুইলচেয়ার টেনিসে জিতেছেন ২৮টি গ্র্যান্ড স্লাম একক শিরোপা। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন রেকর্ড ৫৮২ সপ্তাহ। হল অব ফেমে জায়গা পাওয়া প্রথম জাপানি খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি।

আগামী বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে আনুষ্ঠানিকভাবে বার্টি ও কুনিয়েদাকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে। এই স্বীকৃতিকে অবিশ্বাস্য সম্মান হিসেবে উল্লেখ করে কুনিয়েদা বলেন, ‘হুইলচেয়ার টেনিসের সীমা ছাড়িয়ে যাওয়াই ছিল আমার লক্ষ্য। এই দীর্ঘ যাত্রায় পাশে থাকা পরিবার, দল এবং সবাইকে ধন্যবাদ জানাই। আগামী বছর নিউপোর্টে হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *