বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

ডেস্ক নিউজঃ ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’ বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আসুক না! দেশে এলে তাকে গ্রেপ্তার করা হবে, জেলে পাঠানো হবে। ব্যাস। তিনি বাংলাদেশের যেখানেই যাবেন, (মিশনে গেলেও) সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে।’

শামা ওবায়েদ বলেন, ‘কেউ মানবতাবিরোধী অপরাধ করলে, তার পাসপোর্ট বাতিল হয়, আর দেওয়া হয় না। এটা বর্তমান সংবিধানেই আছে।’

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী দেশে ফিরতে শেখ হাসিনা বিমান চেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান। রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই।’

তিনি আরও বলেন, ‘প্লেন, হেলিকপ্টার, বাস, গাড়ি বা রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি।’

বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের অবস্থানকেও বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয় জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘যেখানেই যাবে, সেখানেই অ্যারেস্ট হবে।’

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরাকে কেন্দ্র করে প্রচারিত বক্তব্যকে ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’ আখ্যা দিয়ে তিনি স্পষ্টভাবে জানান, দেশে ফিরলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।

শামা ওবায়েদ বলেন, পলানোর পর থেকে সংশ্লিষ্ট নেত্রীর অবস্থান বা চেহারা কারও জানা নেই এবং তিনি কোথায় যাবেন বা কী করবেন তা অপ্রাসঙ্গিক। তবে ওসমান হাদির হত্যাকারীসহ জুলাই-আগস্টে খুন, গুম ও রক্তপাতের সঙ্গে জড়িত এবং হত্যার নির্দেশদাতাদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে নিয়মিত যোগাযোগ রয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের প্রচারণা কেবল সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদে ফেলার একটি পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়। নেতাকর্মীদের ফেলে রেখে পলায়নের পর এখন দেশে অস্থিতিশীলতা বা তাণ্ডব তৈরির চেষ্টা অর্থহীন বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *