ইরান যুদ্ধের অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা: হাকিম জেফরিস

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেসের অন্যতম প্রধান অগ্রাধিকার হবে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করা। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক পার্টির নেতা হাকিম জেফরিস।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেফরিস বলেন, ‘ইরানে বেপরোয়া ও ব্যয়বহুল এই পছন্দের যুদ্ধের অবসান ঘটানো’ নতুন কংগ্রেসের অন্যতম প্রধান লক্ষ্য হবে।

তার অভিযোগ, এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গ্যাস, খাদ্য ও ডিজেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কনীতিও সাধারণ মার্কিন নাগরিকদের বার্ষিক কয়েক হাজার ডলার অতিরিক্ত ব্যয়ের মুখে ফেলেছে।

জেফরিস বলেন, ‘মার্কিন জনগণ যে ধরনের সাহসী, ব্যাপক ও অর্থবহ পরিবর্তন দাবি করছে, তা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

সাম্প্রতিক নির্বাচনে প্রতিনিধি পরিষদে ২৫৮টি আসন পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি, যা ১৯৯২ সালের পর দলটির সর্বোচ্চ আসনসংখ্যা। অন্যদিকে, সিনেটেও দলটি ৫৬টি আসন পাবে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে তাদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা।

এই ফলাফল আইন প্রণয়নের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করেছে। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ডেমোক্র্যাটদের উত্থাপিত বিলগুলোতে ভেটো দেওয়ার অঙ্গীকার করেছেন।

আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তখন ইরান যুদ্ধ, মূল্যস্ফীতি ও ট্রাম্পের শুল্কনীতি নিয়ে দুই দলের মধ্যে রাজনৈতিক বিরোধ আরও জোরালো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *