সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

ডেস্ক নিউজঃ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদ্রাসাশিক্ষার্থী হাফেজ সাদিকুল ইসলামকে (২১) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

উত্তরা পশ্চিম থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক হেলাল উদ্দিন গণমাধ্যমে এ তথ্য জানান।

এর আগে, ১৯ নভেম্বর রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। একই দিন এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জুলাই আন্দোলন চলছিল। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান এবং গুলি করেন। এতে জামিয়াছিন ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন। পরে তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *