হত্যার অভিযোগে জেল খাটলেন যুবক, সাত বছর পর জীবিত উদ্ধার সেই নারী

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কর্ণাটক রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হত্যার অভিযোগে এক ব্যক্তিকে দুই বছরের বেশি সময় কারাগারে থাকতে হয়েছে। কিন্তু সাত বছর পর জানা গেল, যাকে হত্যার অভিযোগে তিনি জেল খেটেছেন, সেই নারী জীবিত আছেন। সম্প্রতি তাকে খুঁজে পেয়েছে ওই ব্যক্তির আইনজীবী দল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই নারীর নাম মঞ্জু। ২০১৯ সালের ৩ জুলাই কর্ণাটকের মান্ডিয়া জেলার পান্ডবপুরা এলাকায় বাবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের অমতে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ভালোবাসার মানুষকে বিয়ে করতে বাড়ি ছাড়েন মঞ্জু। পথে বাসস্ট্যান্ডে রাজেশ নামের এক যুবকের কাছ থেকে মুঠোফোন ধার নিয়ে বাড়িতে কথা বলেন তিনি।

মঞ্জু ফিরে না আসায় তার বাবা নাগারাজু নিখোঁজের অভিযোগ করেন। পুলিশ রাজেশের মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে। পরে ২০২১ সালের ১১ আগস্ট দুই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রাজেশের বিরুদ্ধে অপহরণ ও হত্যার অভিযোগ আনা হয়। অভিযোগ ছিল, মঞ্জুকে হত্যা করে কাবেরী নদীতে তার মরদেহ ফেলে দেওয়া হয়েছে।

তৎকালীন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক প্রভাকর মরদেহ উদ্ধার না করেই সাক্ষীদের বক্তব্য ও কথিত স্বীকারোক্তির ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করেন। পরে রাজেশকে গ্রেপ্তার করা হয়। প্রায় দুই থেকে আড়াই বছর কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন রাজেশ।

অবশেষে রাজেশের আইনজীবী দল নিজস্ব অনুসন্ধান চালিয়ে মান্ডিয়া জেলার নাগামঙ্গলা এলাকার কাছে স্বামীর সঙ্গে বসবাসরত মঞ্জুর সন্ধান পায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নারী আশ্রয়কেন্দ্রে রাখে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জু রাজেশকে নির্দোষ দাবি করে জানান, তার নিখোঁজ হওয়ার পর হত্যার মামলা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। এ ঘটনায় তদন্তের গাফিলতি ও সাবেক তদন্ত কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছেন মান্ডিয়ার পুলিশ সুপার শোভারানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *