মজুরি বোর্ডের স্থগিত সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পোশাক মালিকদের

ডেস্ক নিউজঃ তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছেন পোশাকশিল্পের মালিকরা। দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধের প্রস্তুতি নিতে সুবিধা হবে বলে জানিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে মালিকপক্ষ জানায়, সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। সভায় অংশ নেওয়া এবং প্রস্তাবনা উপস্থাপনের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিলেন।

তবে শ্রমিকপক্ষের একজন প্রতিনিধি অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গণমাধ্যমের বরাতে বিবৃতিতে বলা হয়, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে মালিকপক্ষ আরও জানায়, মজুরি নির্ধারণের প্রক্রিয়াটি দ্রুত শেষ করার প্রত্যাশা করছেন তারা। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের তারিখ নির্ধারিত থাকায় দ্রুত মজুরি ঘোষণা করা প্রয়োজন। এতে বাড়তি মজুরি পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় পাবেন মালিকরা।

এর আগে, তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়। সোমবার সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শ্রম মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে স্থগিতের বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করে আসছেন তৈরি পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলতি মাসের ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *