নাটকের গান দিয়ে বিরতি ভাঙলেন টুটুল

বিনোদন ডেস্ক : নাটকের গান দিয়ে দীর্ঘ বিরতি ভাঙলেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’র জন্য গেয়েছেন ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন সজিব দাস।

দীর্ঘ বিরতির পর নাটকের গানে ফেরা প্রসঙ্গে এস আই টুটুল বলেন, অনেক দিন পর নাটকের জন্য গান গাইলাম। এর কথা ও সুর আমার ভালো লেগেছে। কবির বকুলের লেখা বরাবরই আলাদা আবেদন তৈরি করে। সজিব দাস সুন্দর সংগীতায়োজন করেছেন। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।

গানটির জন্য এস আই টুটুলকে বেছে নেওয়ার কারণ জানিয়ে নির্মাতা বলেন, নাটকের গল্প ও আবহের সঙ্গে গানটির বিশেষ সম্পর্ক রয়েছে। গানের জন্য এমন একজন কণ্ঠশিল্পী চেয়েছিলাম, যার কণ্ঠে আবেগ ও দরদ ফুটে উঠবে। এস আই টুটুলের কণ্ঠ আমার কাছে সেই জায়গা থেকে উপযুক্ত মনে হয়েছে। তার গায়কিতে গানটি আরও প্রাণবন্ত হয়েছে।

নির্মাতা জানিয়েছেন, নাটকের গল্প ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে ‘তুমি ছাড়া’। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

তবে ‘প্রাণ সখিয়া’ নাটকে কারা অভিনয় করছেন, সে বিষয়ে আপাতত রহস্য রাখলেন নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *