নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

নড়াইলের কালিয়ায় আট বছরের শিশুকে ধর্ষণ মামলায় আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তিন লাখ টাকা ক্ষতিপূরণেরও আদেশ দেয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ।

দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার আমির মোল্যার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ সকালে কালিয়া উপজেলার একটি গ্রামে মা-বাবা কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। এরপর দুপুরে ওই তৃতীয় শ্রেণির ছাত্রীর বাবার খোঁজে বাড়িতে আসেন আসাদ মোল্যা। বাড়িতে তাকে একা পেয়ে ধর্ষণ করে আসাদ।

শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এলে অভিযুক্ত পালিয়ে যায়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শিশুটির বাবা-মা বাড়িতে ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন; এরপর তাকে জেলা হাসপাতালে নিয়ে যান।

এ দিকে স্থানীয় জনতা অভিযুক্ত আসাদকে মহাজন বাজার থেকে আটক করে পুলিশ দেন। এরপর ওই দিন রাতেই আসাদ মোল্যাকে একমাত্র অভিযুক্ত করে শিশুটির বাবা ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার বিচারিক কার্যক্রমে বাদীসহ মোট আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দেন।

এ বিষয়ে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ বলেন, আট বছরের শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা নামে ওই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ভুক্তভোগী পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয়া হয়েছে। এ রায়ে বাদীপক্ষসহ রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *