তিন দেশ, তিন প্রজন্মের প্রেমের গল্প নিয়ে প্রথমবার নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ

বিনোদন ডেস্কঃ পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ মুক্তি দিতে যাচ্ছে নেটফ্লিক্স। ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ নামের সিরিজটি আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে।

গত ২৪ নভেম্বর  রাতে করাচির মহাত্তা প্যালেসে জমকালো তারকাখচিত আয়োজনে সিরিজটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। এতে পাকিস্তানের গণমাধ্যম ও ফ্যাশন জগতের শীর্ষস্থানীয় তারকারা উপস্থিত ছিলেন।

ফারহাত ইশতিয়াকের বেস্টসেলার উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটিতে তিন প্রজন্ম ও তিনটি দেশ-পাকিস্তান, ইতালি ও যুক্তরাজ্যকে ঘিরে ছয়টি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।

সিরিজের কেন্দ্রীয় চরিত্র সিকান্দার শেহরিয়ার। হার্ভার্ড থেকে পড়াশোনা করা এই আইনজীবী রোমে বসবাস করেন। একটি মর্মান্তিক ঘটনার পর থেকে অনিদ্রা ও দুঃস্বপ্নে ভুগছেন তিনি।

নিজেকে সবার কাছ থেকে দূরে সরিয়ে রাখেন সিকান্দার। তবে লিজার সঙ্গে পরিচয়ের পর তাঁর জীবনে পরিবর্তন আসে। লিজা একজন প্রতিভাবান শিল্পী, যাঁর নিজের জীবনেও রয়েছে জটিল অতীত।

ইতালিতে তাঁদের এই পরিচয় থেকেই শুরু হয় ভালোবাসা, হারানো, মানসিক ক্ষত সারিয়ে ওঠা এবং এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বয়ে চলা ক্ষতগুলোর গল্প।

উপন্যাসটি প্রথম ২০০৯ সালে ‘খাওয়াতিন ডাইজেস্ট’ সাময়িকীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পরে ২০১৩ সালে বই আকারে প্রকাশিত হয় এটি। উপন্যাসটির নাম নেওয়া হয়েছে ফয়েজ আহমেদ ফয়েজের একটি গজল থেকে।

প্রকাশ্যে এসেছে সিরিজটির পাঁচটি চরিত্রের পোস্টার।

এতে ফাওয়াদ খান, হানিয়া আমির, ইকরা আজিজসহ জনপ্রিয় তারকাদের চরিত্র সম্পর্কে ধারণা পেয়েছেন ভক্তরা।

সম্প্রতি প্রকাশিত পোস্টারগুলোতে পাঁচ অভিনয়শিল্পীর আলাদা লুক তুলে ধরা হয়েছে। এতে কুলসুম চরিত্রে দেখা যাবে হানিয়া আমিরকে। লিসা চরিত্রে রয়েছেন ইকরা আজিজ।

সিকান্দার চরিত্রে অভিনয় করেছেন আহাদ রাজা মীর। অন্যদিকে ভিক্টোরিয়া চরিত্রে দেখা যাবে সানাম সাঈদকে। আর ফাওয়াদ খান অভিনয় করছেন শাহরিয়ার চরিত্রে।

শুধু এই পাঁচ তারকাই নন, সিরিজটিতে আরও অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় কয়েকজন শিল্পী। তাদের মধ্যে রয়েছেন মাহিরা খান, হামজা আলী আব্বাসি, মায়া আলী ও বিলাল আশরাফ। বড় তারকাবহরের কারণে শুরু থেকেই আলোচনায় রয়েছে প্রযোজনাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *