হরর সিনেমা দিয়ে ফিরছেন কঙ্গনা রনৌত

বিনোদন ডেস্কঃ অভিনেতা ও প্রযোজক রানা দাগ্গুবাটি আসন্ন হরর সিনেমা ‘স্কেয়ারি পিকচার’ শিরোনামে বিনোদনমূলক চলচ্চিত্রের প্রথম ঝলক উন্মোচন করেছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রনৌত। অভিজ্ঞ প্রযোজক সুরেশ বাবুর প্রতিষ্ঠান ‘সুরেশ প্রোডাকশনস’-এর ছবিটির প্রযোজনা করছেন। এর মাধ্যমে তারা হরর ঘরানার চলচ্চিত্রে পা রাখতে চলেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে রানা দাগ্গুবাটি বলেন, আমাদের লক্ষ্য হলো ‘স্কেয়ারি পিকচার’-এর মাধ্যমে যারা এই ঘরানার চলচ্চিত্র ভালোবাসেন, সেইসব নির্মাতাদের জন্য নিয়মিত প্রযোজনা সহায়তা ও মুক্তির সুযোগ তৈরি করা। ভারতে প্রতিটি ঘরানার ক্ষেত্রেই বৈচিত্র্য রয়েছে, আর হরর ঘরানাও এর ব্যতিক্রম নয়। প্রতিটি অঞ্চলের নিজস্ব ভয়ের বিষয়, নিজস্ব গল্প এবং সেগুলো বলার নিজস্ব ধরন রয়েছে। আমরা সব ধরনের উপ-ঘরানাকে স্বাগত জানাই। খ্যাতনামা তেলুগু চলচ্চিত্র নির্মাতা রবি বাবু পরিচালিত ‘স্কেয়ারি পিকচার’ সিনেমাটির মাধ্যমে তিনি হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন।

হরর বা ভয়ের ঘরানার চলচ্চিত্রে কাজের জন্য পরিচিত রবি বাবু এর আগে ‘অনসূয়া’ এবং ‘অভুন্নু’-র মতো তেলুগু সিনেমা পরিচালনা করেছেন। সিনেমাটির কাহিনি, অন্যান্য কুশীলব এবং কঙ্গনা রানাউতের চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পেতে পারে।

অন্যদিকে কঙ্গনা রনৌত নিজেও হরর সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ২০০৯ সালের ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস’ এবং ২০২৩ সালের ‘চন্দ্রমুখী ২’ রয়েছে। সর্বশেষ কঙ্গনাকে মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় একজন নার্সের ভূমিকায় দেখা গেছে। চলতি বছরের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি মুম্বাইয়ের একদল হাসপাতাল কর্মীকে নিয়ে গড়ে উঠেছে, যার পটভূমিতে রয়েছে ২০০৮ সালের সন্ত্রাসী হামলা। কঙ্গনার আসন্ন চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে আর মাধবনের সঙ্গে অভিনীত ‘সার্কেল’ এবং ‘কুইন’সিনেমার সিক্যুয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *