শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ যদি এতই শক্তিশালী হতো, তাহলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, ভারতে পালিয়ে গিয়েও দেশের মানুষকে এখনো কষ্ট দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনা। যদি আওয়ামী লীগ এতই শক্তিশালী হত তাহলে দেশ ছেড়ে পালিয়ে যেত না।

সম্মেলনে জুলাই সনদ নিয়ে বর্তমান সরকারকে প্রতারণার অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন , ফ্যাসিবাদ নামক ভাইরাসের অনেক লক্ষণ থাকলেও এ সরকারকে এখনই আমরা ফ্যাসিস্ট বলতে চাই না। তিনি বলেন, জাতির সামনে ওয়াদা দিয়ে তারা লঙ্ঘন করল, জুলাই সনদ না মেনে তারা প্রতারণা করল।

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন নিয়ে মাতামাতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, যারা জুলাইয়ে রক্ত দিয়েছে, তারা নতুন কাউকে ফ্যাসিবাদী হতে দেবে না।

বিরোধীদলীয় নেতা বলেন, শিক্ষাখাতে চরম ষড়যন্ত্র চলছে। সারাদেশের স্কুল কলেজের কমিটিতে সন্ত্রাসীদের দায়িত্ব দেয়া হচ্ছে। মেধাবী শিক্ষকদের উপেক্ষা করে দলবাজ শিক্ষকদের প্রাধান্য দেয়া হচ্ছে। জোর করে দলীয় লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন, সামনে স্থানীয় নির্বাচন, এই নির্বাচনে আমরা আর কোনো ভোট ডাকাত, দুর্নীতিবাজদের ছাড় দেব না। কোন অন্যায়ের কাছে মাথা নত করব না, কোন অন্যায় সহ্য করব না।

একই অনুষ্ঠানে বর্তমান সরকার তরুণদের চাঁদাবাজি, দখলদারিত্বের দিকে ঠেলে দিয়ে সংকট তৈরি করছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, চাঁদাবাজি, মাস্তানি, খুন, ধর্ষণ ইত্যাদি খারাপ কাজে সরকার তরুণদের সংকটের মধ্যে ফেলে দিচ্ছে।

জুলাই সনদের বাস্তবায়ন না করে সরকার আবার একদলীয় কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থার দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি। তিনি বলেন, যে সরকার দ্বিচারিতার সাথে জড়িত, তাদের দ্বারা জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়।

সংবাদমাধ্যম বিবিসি বাংলায় শেখ হাসিনাকে নিয়ে করা প্রতিবেদনের কথা উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টার নিয়ে যেতে হবে’ এ কথা ভারতের বলার কোন অধিকার নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *