রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ : রাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পৃথক এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় সোবহানবাগের ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের সামনে এবং রাত সোয়া ৯টায় আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এই ঘটনা কারা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কেউ হতাহত হয়নি।

তিনি আরও জানান, রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায়ও কেউ আহত হয়নি বলে জানা গেছে। তবে এটি কাফরুল থানা এলাকায় পড়েছে। এটি তারা তদন্ত করবে।

এই বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *