বিসমিল্লাহর ৭ উপকারিতা, জীবনের প্রতিটি কাজে কেন বলা উচিত

ইসলামিক ডেস্ক: বিসমিল্লাহ ইসলামি সংস্কৃতি ও মুসলিম জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি ভালো কাজের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণের মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করেন মুমিনরা। এটি শুধু একটি বাক্য নয়; বরং আল্লাহর প্রতি ভরসা, আনুগত্য, কৃতজ্ঞতা ও তাঁর রহমত কামনার অনন্য প্রকাশ।

বিসমিল্লাহ উচ্চারণ মানুষের অন্তরে প্রশান্তি আনে, কাজে মনোযোগ ও আত্মনিবেদন বাড়ায় এবং আল্লাহর ওপর নির্ভরশীলতার অনুভূতি জাগ্রত করে। ইসলামে প্রতিটি ভালো কাজ আল্লাহর নামে শুরু করার বিশেষ গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে কাজের মধ্যে বরকত লাভের আশা করা হয়। বিসমিল্লাহর এমন সাতটি গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে।

১. কোরআনের অনুসরণ

পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ হিদায়াত। এর প্রতিটি সুরায় রয়েছে নূর ও পথনির্দেশনা। সুরা তওবা ছাড়া কোরআনের বাকি ১১৩টি সুরার শুরুতে রয়েছে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। এ থেকেই বিসমিল্লাহর গুরুত্ব ও মর্যাদা উপলব্ধি করা যায়। প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণের একটি গুরুত্বপূর্ণ দিক।

২. কাজের মধ্যে বরকত লাভ

বিসমিল্লাহকে বরকত লাভের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। কোনো ভালো কাজ আল্লাহর নাম স্মরণ করে শুরু করলে তাতে কল্যাণ ও বরকত লাভের আশা থাকে। অন্যদিকে, আল্লাহর স্মরণ ছাড়া গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে তা বরকত থেকে বঞ্চিত হতে পারে।

সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ যদি আল্লাহকে স্মরণ (বিসমিল্লাহ) করে শুরু না করা হয়, তাহলে তা লেজকাটা বা বরকতহীন হয়ে যায়।’ (আল জামেউস সগীর : ৬২৬৬)

৩. আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা ও নির্ভরতা বৃদ্ধি

বিসমিল্লাহ উচ্চারণের মাধ্যমে মানুষ স্বীকার করে যে, তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর সাহায্য ও অনুগ্রহের ওপর নির্ভরশীল। নিজের সামর্থ্যের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা রাখার শিক্ষা দেয় বিসমিল্লাহ। এই আমল মানুষের অন্তরে বিনয় সৃষ্টি করে এবং আল্লাহর আনুগত্যের অনুভূতি জাগ্রত রাখে। আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা মুমিনের জীবনে সফলতা ও মানসিক প্রশান্তির অন্যতম মাধ্যম।

৪. নবীদের আদর্শ অনুসরণ

বিসমিল্লাহ শুধু মুসলিম উম্মাহর আমল নয়; বরং পূর্ববর্তী নবীদের জীবনেও এর গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত রয়েছে। পবিত্র কোরআনে হজরত নূহ (আ.) ও হজরত সুলায়মান (আ.)-এর বিসমিল্লাহ বলার ঘটনা উল্লেখ করা হয়েছে।

মহাপ্লাবনের সময় নৌকায় আরোহণের মুহূর্তে হজরত নূহ (আ.) আল্লাহর নাম স্মরণ করেছিলেন। কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা এ নৌকায় আরোহণ কর। এর চলাও আল্লাহর নামে এবং নোঙর করাও।’ (সুরা হুদ : ৪১)

অন্যদিকে, হজরত সুলায়মান (আ.)-এর পাঠানো চিঠিও বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছিল। সুরা নামলের ২৯-৩০ নম্বর আয়াতে সাবা সম্প্রদায়ের রানি বিলকিসের কাছে পাঠানো সেই চিঠির বিবরণ রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, চিঠিটি শুরু হয়েছিল ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ দিয়ে।

৫. আল্লাহর রহমত লাভের মাধ্যম

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’-এর অর্থ আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। এই বাক্যের মাধ্যমে আল্লাহর অসীম দয়া ও রহমতের কথা স্মরণ করা হয়। মানুষ প্রতিটি মুহূর্তে আল্লাহর অনুগ্রহের মুখাপেক্ষী। তাই প্রতিটি কাজে বিসমিল্লাহ উচ্চারণের মাধ্যমে তাঁর রহমত কামনা করা মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ আমল।

৬. কৃতজ্ঞতা প্রকাশ ও নিয়ামত বৃদ্ধি

খাবার গ্রহণ, ওজু, নামাজসহ বিভিন্ন ইবাদত ও দৈনন্দিন কাজের শুরুতে বিসমিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ স্মরণ করা হয়। এর মধ্য দিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও বিনয় প্রকাশ পায়। আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেওয়া এবং তাঁর শোকর আদায় করা মুমিনের অন্যতম দায়িত্ব।

পবিত্র কোরআনে সুরা ইবরাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই অধিক দেব আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর।’ বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা বান্দার কৃতজ্ঞতাবোধ জাগ্রত করার একটি উপায়।

৭. নিরাপত্তা ও হিদায়াত লাভ

বিসমিল্লাহ ও আল্লাহর ওপর ভরসা মানুষকে নিরাপত্তা ও হিদায়াত লাভের শিক্ষা দেয়। ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে তাঁর ওপর তাওয়াক্কুল করার বিশেষ ফজিলত রয়েছে।

আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বললে তাকে বলা হয়, তুমি হিদায়াতপ্রাপ্ত হয়েছ, রক্ষা পেয়েছ ও নিরাপত্তা লাভ করেছ। তখন শয়তান তার থেকে দূরে সরে যায়। (সুনানে আবু দাউদ : ৫০৯৫)

অর্থাৎ আল্লাহর নাম স্মরণ ও তাঁর ওপর ভরসা করার মাধ্যমে মুমিন নিজের জীবনকে আল্লাহর হেফাজতের কাছে সমর্পণ করে।

দৈনন্দিন জীবনের প্রতিটি ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা একজন মুমিনের সুন্দর অভ্যাস। এর মাধ্যমে আল্লাহর স্মরণ, কৃতজ্ঞতা, নির্ভরতা ও বরকতের প্রত্যাশা জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *