তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ রাজধানীর সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান তিনি বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র।

জানা যায়, দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য এসব বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়।

এর আগে, গতকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে গিয়ে বিশেষ ধরনের সামরিক যান এটিভি চালিয়েছিলেন প্রধানমন্ত্রী।

তবে আজকে বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল ভিন্ন-মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরখ করে দেখা।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। তিনি সেগুলো চালিয়ে দেখেন।

সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *