
বাজারের চাহিদা মেটাতে কয়েক দফায় রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ডলারের বাজারে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। একই সঙ্গে ব্যাংকগুলোর কোনো কারসাজি থাকলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম এখন ১২৫ টাকার কাছাকাছি। রোববার (১৫ নভেম্বর) ব্যাংকগুলোর মধ্যে প্রতি ডলার লেনদেন হয়েছে ১২৪ টাকা ৯৯ পয়সায়।
এর আগের কর্মদিবস বৃহস্পতিবার বিকেলে প্রতি ডলারের দাম ছিল ১২৪ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ এক কর্মদিবসের ব্যবধানে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম বেড়েছে ১৩ পয়সা।
সরকারি আমদানির খরচ বেড়ে যাওয়া এবং রেমিট্যান্স প্রবাহ কম থাকায় ডলারের বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
