জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে টোকিও। এ ঘটনায় মঙ্গলবার যুদ্ধবিমান পাঠিয়ে সেগুলোকে প্রতিহত করার পাশাপাশি মস্কোর কাছে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে জাপান।

একই দিনে রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করে যুদ্ধবিমান মোতায়েনের কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তাইওয়ানও বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে রুশ বিমান প্রবেশের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওকিনোশিমা দ্বীপের কাছে রুশ বিমানগুলোর উড্ডয়নপথ জাপানের সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ এবং তা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

২০২৪ সালে হোক্কাইডোর রেবুন দ্বীপের কাছে রাশিয়ার একটি সামরিক টহল বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ করেছিল। সেটিই ছিল এ ধরনের সর্বশেষ ঘটনা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, জাপান সাগরের ওপর দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে কয়েকটি রুশ সামরিক বিমান প্রবেশের পর যুদ্ধবিমান পাঠানো হয়। তবে বিমানগুলো দক্ষিণ কোরিয়ার প্রকৃত আকাশসীমা লঙ্ঘন না করেই চলে যায়।

অন্যদিকে, তাইওয়ান জানিয়েছে, মঙ্গলবার দুটি রুশ সামরিক বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছিল।

তিন দেশ একই বিমানকে মোকাবিলা করেছে, নাকি আলাদা বিমান শনাক্ত করেছে, তা স্পষ্ট নয়। এসব শনাক্তকরণ অঞ্চল কোনও দেশের সার্বভৌম আকাশসীমার বাইরে অবস্থিত নিরাপত্তাবিষয়ক এলাকা। সেখানে বিদেশি সামরিক বিমান প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশকে অবহিত করার প্রচলন থাকলেও তা আইনগতভাবে বাধ্যতামূলক নয়।

চীন এ সপ্তাহে এপেক সম্মেলনের আয়োজন করছে। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশ নেওয়ার কথা। সম্মেলনের আগে রাশিয়ার এ তৎপরতাকে দেশটির সামরিক সক্ষমতার প্রদর্শন হিসেবেও দেখা হচ্ছে।

এদিকে প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে জাপান ও রাশিয়ার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *