চালকের আসনে ক্যারিবীয়রা, চাপে বাংলাদেশ

খেলাধুলা ডেস্কঃ সিলেট টেস্টে ক্রমেই কঠিন হয়ে উঠছে বাংলাদেশের পথ। প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং ছাড়া স্বাগতিক ব্যাটাররা বড় কোনো প্রতিরোধ গড়তে পারেননি। এবার দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের খেলায় মাত্র ২ উইকেট হারিয়েই ২৫০ রানের বেশি সংগ্রহ করেছে সফরকারীরা। ফলে ম্যাচে বড় লিড নিয়ে চালকের আসনে রয়েছে ক্যারিবীয়রা।

চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫৯ রান তুলেছে রোস্টন চেজের দল। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ পেরিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ২২৯ রানে। উইকেটে দারুণভাবে থিতু হয়ে ব্যাট করছেন কাভেম হজ ও অভিষিক্ত কেভিন উইকহ্যাম। দুজনের ব্যাটে তৃতীয় উইকেটে ইতোমধ্যে যোগ হয়েছে ১৫৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। হজ ৯৩ এবং উইকহ্যাম ৬৩ রান নিয়ে ব্যাট করছেন।

দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের চাপে রাখে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শেষ করেছিল সফরকারীরা। সেখান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জশুয়া ডা সিলভা। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৮৫ রান।

অবশেষে এই জুটি ভাঙেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ৩৬ রান করা ডা সিলভা। এতে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। তবে ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের লিড পৌঁছে যায় ৫৫ রানে।

একপ্রান্তে উইকেট হারালেও আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন ব্রেন্ডন কিং। নতুন ব্যাটার কাভেম হজকে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। নিজের টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতকও তুলে নেন এই ওপেনার। তবে দ্বিতীয় উইকেটে ৩৪ রান যোগ হওয়ার পর তাকে থামান মেহেদী হাসান মিরাজ। ৬১ রান করা কিংকে স্লিপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান এই অফস্পিনার।

এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু হজ ও অভিষিক্ত উইকহ্যামের দৃঢ় ব্যাটিংয়ে সেই আশা ক্রমেই কঠিন হয়ে উঠছে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা দারুণ বোলিং করলেও দ্বিতীয় ইনিংসে সেই ধার দেখা যাচ্ছে না। অন্যদিকে স্পিনার তাইজুল ও মিরাজ দুটি উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি দিলেও বড় জুটি ভাঙতে পারছেন না।  ম্যাচে ফিরতে হলে দ্রুত উইকেট নেওয়ার বিকল্প নেই স্বাগতিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *