মেসির উপহার পেয়ে স্বপ্নপূরণের অনুভূতি গিলবার্তো মোরার

খেলাধুলা ডেস্কঃ নিঃসন্দেহে ২০২৬ সালের অক্টোবর গিলবার্তো মোরার জীবনের অন্যতম স্মরণীয় মাস হয়ে উঠছে। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি তাঁকে ‘মেসি +১০’ প্রচারণার অংশ হিসেবে বেছে নিয়েছেন। অ্যাডিডাসের এই বৈশ্বিক প্রচারণায় বিশ্বের বিভিন্ন প্রান্তের ১০ জন উদীয়মান ফুটবল প্রতিভাকে একত্র করা হয়েছে। এর মাধ্যমে আর্জেন্টাইন তারকার পছন্দের তরুণ প্রতিভাদের তালিকায় জায়গা পেয়েছেন মেক্সিকোর ক্লাব জোলোস দে তিহুয়ানার মিডফিল্ডার মোরা।

এই সম্মানের সঙ্গে ছিল বিশেষ একটি উপহার। তাঁকে দেওয়া হয়েছে অ্যাডিডাসের ‘ফুটবল ই ফামিলিয়া’ সংস্করণের এক জোড়া এফ৫০ ফুটবল বুট।

গোলাপি, সাদা ও কালো রঙের সমন্বয়ে তৈরি বুটটির জিব্বায় রয়েছে মেসির আনুষ্ঠানিক লোগো, যা তরুণ ফুটবলারটির কাছে উপহারটিকে আরও বিশেষ করে তুলেছে।

এই প্রচারণার জন্য নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত মেক্সিকান ক্লাব তিজুয়ানা জোলোর খেলোয়াড় মোরা ইনস্টাগ্রামে মেসি ও অ্যাডিডাসকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এই সুযোগ তাঁর কাছে কতটা অর্থবহ, তা-ও তুলে ধরেছেন।

মোরা লিখেছেন, ‘মেসি +১০-এর অংশ হতে পারা সম্মানের বিষয়। আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ @leomessi ও @adidasfootball। তোমার দেওয়া বুট পরে খেলা আমার স্বপ্ন পূরণের মতো হবে।’

এই স্বীকৃতি তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর একটি। এর মধ্যেই গত ১৪ অক্টোবর ১৮ বছরে পা রেখেছেন গিলবার্তো মোরা। বয়স ১৮ হওয়ায় তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।

এর মধ্যে ইউরোপের কোনো ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। মোরার ভবিষ্যৎ নিয়ে এমন সম্ভাবনায় উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *