ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে

ডেস্ক নিউজঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী ফারজানা সুলতানা বলেন, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল এত দূরে হলেও এর মাত্রা অপেক্ষাকৃত বেশি হওয়ায় রংপুর ও ঢাকার মতো এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে মন্তব্য করেন ফারজানা সুলতানা। তিনি বলেন, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প হয়নি।

আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে। তবে নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

নেপালের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভূমিকম্পটি নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *