ভাইরাল ভিডিও ঘিরে বিপাকে অমিতাভ, পাঠানো হলো আইনি নোটিশ

বিনোদন ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত ভিডিওকে কেন্দ্র করে অমিতাভ বচ্চন ও সনি টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের পাঞ্জাবের সাঙ্গরুরের আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা। ভিডিওতে জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-তে পাঞ্জাবের থানায় বোমা হামলা নিয়ে প্রশ্ন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

অরোরার অভিযোগ, এমন প্রশ্ন পাঞ্জাবের সুনাম ক্ষুণ্ন করছে। তিনি ভিডিওটি সব মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি এটি কেবিসির কোনো পর্বের হলে অমিতাভ বচ্চন ও সনি টিভিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

অরোরা জানান, তার এক মক্কেল তাকে প্রায় দুই মিনিটের ভিডিওটি দেখান। এতে ১২.৫ লাখ রুপির একটি প্রশ্নে জানতে চাওয়া হয়, ভারতের কোন রাজ্যে অপরাধীরা থানায় বোমা হামলা চালিয়েছে। চারটি বিকল্পের মধ্যে উত্তর প্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের নাম ছিল। পরে সঠিক উত্তর হিসেবে পাঞ্জাবের নাম বলতে শোনা যায় অমিতাভ বচ্চনকে।

অরোরার মতে, এটি সাধারণ জ্ঞানের প্রশ্ন নয়, বরং একটি রাজ্যের বদনাম করার চেষ্টা। ভিডিওটি এআই দিয়ে তৈরি কি না, তা অমিতাভ বচ্চন ও সনি টিভির জবাব পাওয়ার পর বোঝা যাবে বলে জানান তিনি। ভিডিওটি ভুয়া প্রমাণিত হলে নির্মাতা ও প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন তিনি।

তবে ভিডিওটি আসল কি না, কিংবা প্রশ্নটি সত্যিই কেবিসিতে করা হয়েছিল কি না, তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে অমিতাভ বচ্চন বা সনি টিভির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *