মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

আন্তর্জাতিক ডেস্কঃ এক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা অন্য দুটি মার্কিন বিমানবাহী রণতরির সঙ্গে ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ যোগ দেবে বলে একজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মোট বিমানবাহী রণতরির সংখ্যা তিনটিতে দাঁড়াবে। 

রোববার (১৫ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই রোববার তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাহরাইনের বিরুদ্ধে ইরানের ড্রোন হামলার পর এই রণতরি মোতায়েন করা হচ্ছে। এর মাধ্যমে প্রায় দুই মাস ধরে চলা সংঘাতের বিরতির অবসান ঘটল। রোববারের এই হামলার আগে শুক্রবার উপসাগরীয় দেশটির দিকে ধেয়ে আসা দুটি ইরানি ড্রোন প্রতিহত করেছিল মার্কিন বাহিনী।

তবে বিমানবাহী রণতরি মোতায়েনের সময়সূচি সম্পর্কে পেন্টাগন বা মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান তদারককারী মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার মাধ্যমে শুরু হওয়া চলমান ইরান যুদ্ধের অংশ হিসেবে বৃহত্তর কূটনৈতিক অচলাবস্থা এবং অঞ্চলটিতে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেই এই নতুন হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটল।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছেন যে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আর কোনো চুক্তির প্রয়োজন নেই।

বিমানবাহী রণতরি মোতায়েন সত্ত্বেও মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমের একটি প্রতিবেদন অস্বীকার করেছে, যেখানে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতির অভিযোগ আনা হয়েছিল। আঞ্চলিক বাহিনীর অবস্থান পরিবর্তনের দাবিগুলোকে ‘সম্পূর্ণ অনুমান’ বলে উড়িয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *