মোদি আমার ফোনে আড়ি পাতছেন : রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ফোনে আড়িপাতছেন। গতকাল শুক্রবার তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার অভিযোগের সপক্ষে প্রমাণ ওই ফোনেই সংরক্ষিত রয়েছে। একই সঙ্গে মোদিকে সরাসরি মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ আবারও জানিয়েছেন তিনি। রাহুলের দাবি, এই বিতর্কের মাধ্যমে প্রমাণ হবে, কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন এবং কে ‘দেশবিরোধী’।

এক ভিডিও বার্তায় গান্ধী বলেন, ‘আমার সব অভিযোগের প্রমাণ আমার ফোনে রয়েছে, যে ফোনে প্রধানমন্ত্রী আড়িপাতছেন।’ তিনি আরও বলেন, ‘তিনি (মোদি) যেদিন আমার সঙ্গে বিতর্কে বসবেন, সেদিন সবাই জানতে পারবেন, কে দেশবিরোধী এবং কখন থেকে তিনি দেশবিরোধী। সব প্রমাণ এই ফোনেই রয়েছে।’

এক্সে দেওয়া এক পোস্টে দীপাবলির এক অনুষ্ঠানে মোদির কথিত টেলিপ্রম্পটার ব্যবহারের বিষয়টি নিয়েও কটাক্ষ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, প্রস্তাবিত বিতর্কে প্রধানমন্ত্রী চাইলে টেলিপ্রম্পটার নিয়ে আসতে পারেন। রাহুল লেখেন, ‘মোদিজি, নিজের দীপাবলির অনুষ্ঠানেও টেলিপ্রম্পটার? মানুষ আপনার, মঞ্চ আপনার, পরিবেশ আপনার- তারপরও আপনার একটি লিখিত বক্তব্যের প্রয়োজন হলো। মনে হচ্ছে, চাপটা আপনার ওপর প্রভাব ফেলেছে।’ তিনি আরও লেখেন, ‘যাই হোক, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে বিতর্কে আপনিও টেলিপ্রম্পটার নিয়ে আসুন। আপনার পছন্দের একজন বিচারকও বসাতে পারেন। শুধু উপস্থিত হোন, এটুকুই চাই। দেশ জানতে চায়- প্রকৃত বিশ্বাসঘাতক কে?’

গত ২ নভেম্বর প্রথমবারের মতো মোদিকে প্রকাশ্যে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানান রাহুল গান্ধী। ওইদিন এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, বিদেশি সহায়তার ওপর নির্ভর করে প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন। তিনি লিখেছিলেন, ‘মিস্টার মোদি, এই জাতির কাছে মিথ্যা বলা বন্ধ করুন। বিদেশি সহায়তার কারণে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। এখনও বিদেশি সহায়তার কারণেই প্রধানমন্ত্রী পদে রয়েছেন। এ বিষয়ে আমি আপনাকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ জানাচ্ছি। যেকোনো মঞ্চে, যেকোনো সময়। সাহস থাকলে আসুন। আপনি আসার সাহস করবেন না, কারণ আমি আপনার সম্পর্কে যা জানি, তা নিয়ে আপনি ভীষণ ভীত।’

এর এক দিন পর কংগ্রেসনেতা আবারও সেই চ্যালেঞ্জ জানান। বিতর্কের বিচারক কে হবেন, তা মোদির ওপর ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি গণমাধ্যম ও দেশের তরুণদের সামনে বিতর্ক আয়োজনের পরামর্শ দেন। সম্ভাব্য বিচারক হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের নামও প্রস্তাব করেন তিনি।

৪ নভেম্বর নির্বাচনের আগে পাঞ্জাবের সাংরুরে এক জনসভায় একই বক্তব্য আবারও দেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি, বিতর্ক শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই আমি প্রমাণ করে দেব, নরেন্দ্র মোদি একজন দেশদ্রোহী এবং ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়ন্ত্রণ করেন।’

৬ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মোদিকে বিতর্কে বসতে রাজি করানোর আহ্বান জানান রাহুল। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘শুধু তাকে আমার সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসতে রাজি করান। যেকোনো মঞ্চে, যেকোনো সময়। ভয় পাবেন না।’

গত ৯ নভেম্বরের পর আবারও একই চ্যালেঞ্জ জানান রাহুল। ছত্তিশগড়ের বস্তারে সিআরপিএফের এক অনুষ্ঠানে মোদির দেওয়া ‘মানসিক নকশাল’ মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

এক্সে দেওয়া পোস্টে রাহুল লেখেন, ‘তিনি আমাদের নকশাল বলেছেন। আমার চ্যালেঞ্জ এখনও বহাল রয়েছে। কে দেশবিরোধী এবং কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন, তা নিয়ে তিনি আমার সঙ্গে বিতর্ক করুন। যেকোনো সময়, যেকোনো জায়গায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *