পাকিস্তানের কাছে হেরে ইমার্জিং ট্রফি শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগ্রেসরা। এতে পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের তেঁতো স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে ব্যাটারদের বিদায়ে বড় সংগ্রহ গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়।

দলের হয়ে কিছুটা লড়াই করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার। ২০ বলে ২৭ রান করেন জ্যোতি, আর স্বর্ণার সংগ্রহ ২১ রান। বাংলাদেশের বাকি ব্যাটারদের মধ্যে সাতজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। এতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগ্রেসরা।

১০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ২৫ রান যোগ করার পর জাওয়াল জুলফিকারকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সোবহানা মোস্তারি। ৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

আরেক ওপেনার সাদাফ শামস ৩৭ বলে ৩৭ রান করে আউট হন। এরপর আর কোনো বিপদ হতে দেননি মুনিবা আলি ও আয়েশা জাফর। তৃতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান। আয়েশা ৩১ এবং মুনিবা ২৭ রানে অপরাজিত থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *