আন্তর্জাতিক ডেস্কঃ দেশি ও বিদেশি নিরাপত্তা হুমকির মুখে ওয়াশিংটন ডিসির সাধারণ আবাসিক এলাকা ছেড়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার শীর্ষ সদস্যরা। জেনারেল ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত শতবর্ষী এসব বাসভবনে বর্তমানে ট্রাম্প প্রশাসনের প্রায় অর্ধডজন শীর্ষ কর্মকর্তা বসবাস করছেন, যা মার্কিন ইতিহাসে নজিরবিহীন। অতীতে কোনো প্রশাসনের বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সামরিক আবাসনে থাকার ঘটনা ছিল বিরল।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হামলা ও প্রাণনাশের হুমকির পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির আশঙ্কায় কর্মকর্তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে কঠোর পাহারায় ঘেরা সামরিক কমপ্লেক্সগুলোকে বেছে নিচ্ছেন। সম্প্রতি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জর্জটাউনের বিলাসবহুল বাড়ি ছেড়ে ওয়াশিংটনের একটি সামরিক ঘাঁটিতে উঠেছেন। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জেরে তেহরানের পক্ষ থেকে তাকে ও মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তার উদ্বেগে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চও সম্প্রতি সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছেন; এর আগে তার পূর্বসূরি পাম বন্ডিও ঘাঁটিতে ছিলেন।
অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার শঙ্কায় সামরিক আবাসনে উঠেছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার পরিবার। রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর এবং ভার্জিনিয়ায় তাদের বাড়ির সামনে বিক্ষোভ ও ঠিকানা ফাঁস হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত বছর তারা এই সিদ্ধান্ত নেন। বর্তমানে পোটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মোহনায় অবস্থিত ফোর্ট ম্যাকনেয়ার ঘাঁটির ‘জেনারেলস রো’ এলাকায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং মিলার দম্পতি প্রতিবেশী হিসেবে বসবাস করছেন।
তবে বেসামরিক নীতিনির্ধারকদের এভাবে সুরক্ষিত সামরিক ঘেরাটোপে বসবাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও বিতর্ক দেখা দিয়েছে। আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক টমাস কান মনে করেন, সাধারণ মানুষের পাড়া-মহল্লা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনপ্রতিনিধিদের সঙ্গে সমাজের দূরত্ব বাড়ছে এবং বেসামরিক নেতৃত্বের গণতান্ত্রিক ঐতিহ্য ক্ষুণ্ন হচ্ছে। যদিও হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেছেন, সুনির্দিষ্ট হুমকির কারণে শহরের ভেতরে থাকতে না পারলেও রাজধানীকে নিরাপদ করতে মন্ত্রিসভার সদস্যরা কাজ করে যাচ্ছেন। এদিকে সামরিক আবাসন ব্যবহারের যৌক্তিকতা, আইনি ভিত্তি ও ভাড়ার হিসাব চেয়ে পেন্টাগনের কাছে প্রতিবেদন তলব করেছে হাউস আর্মড সার্ভিসেস কমিটি। ডেমোক্র্যাট আইনপ্রণেতা জর্জ হোয়াইটসাইডস বলেন, সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিক নিয়োগপ্রাপ্তরা ন্যায্য বাজারদরে ভাড়া দিচ্ছেন কিনা, তা খতিয়ে দেখা জরুরি। গত বছর ফোর্ট ম্যাকনেয়ারে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বাসভবন সংস্কারে সেনাবাহিনীর ১ লাখ ৩৭ হাজার ডলার ব্যয়ের পরিকল্পনার খবর প্রকাশ্যে এলে তীব্র সমালোচনা হয়েছিল।
নিয়ম অনুযায়ী, সামরিক আবাসনে থাকা কর্মকর্তাদের মাসে সাড়ে চার হাজার ডলারের বেশি ভাড়া গুনতে হয়। ২০০৮ সালে কংগ্রেসে পাস হওয়া এক আইন অনুযায়ী, করদাতাদের অর্থ সাশ্রয়ের যুক্তিতে প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেলের ভাড়ার চেয়ে মাত্র ৫ শতাংশ বেশি হারে সামরিক আবাসন ভাড়া নিতে পারেন। ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নৌবাহিনীর আবাসনে উঠতে চাইলে কর্মকর্তাদের আবাসন সংকটের কারণে নৌবাহিনী তাতে আপত্তি তুলেছিল। কিন্তু আট বছরের ব্যবধানে সেই ‘সমস্যাজনক’ বিষয়টিই এখন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে নিরাপদ আশ্রয়ের প্রধান ঠিকানা হয়ে উঠেছে।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved